২ নভেম্বর ২০২২
শুকরান আহমেদ রানা, বিশ্বনাথ থেকে : সিলেটের বিশ্বনাথে প্রথম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারই প্রথম বিশ্বনাথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। প্রতিটি কেন্দ্র রয়েছে সিসি ক্যামেরার আওতায়।
বুধবার সকাল ৮টা থেকে ২০টি সেন্টারে একযুগে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নৌকার মাঝি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জগ প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুহিবুর রহমান, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা হ্যাঙ্গার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন ও যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুমিন খান মুন্না, জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের মাওলানা শিব্বির আহমদ, আল-ইসলাহ সমর্থিত চামচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়জুল ইসলাম ও নারকেল গাছ প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন।
এছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ডে ৫৫ জন কাউন্সিলর প্রার্থী ও তিনটি সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। তবে, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।
নির্বাচন অফিস সূত্র থেকে জানা যায়, বিশ্বনাথ পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে ১১৮টি ভোটকক্ষ রয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। যার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯ ও নারী ভোটার ১৭ হাজার ১৯১।