২২ অক্টোবর ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় নারীকে ধর্ষণ ও তার নবজাতক সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার ফখরুল ইসলাম নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। ধর্ষণ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারীর ভাই।
শনিবার দুপুরে ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আর এতে এ ঘটনায় এই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় গত বছর মুজিববর্ষের উপহারের ঘর পান এক নারী। ওই নারীর স্বামী মারা গেছেন ১০ বছর আগে। ইউপি সদস্য ফখরুল ওই নারীকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হন। শুক্রবার সকালে এক নবজাতকের জন্ম দেন। এরপর নবজাতককে গলা টিপে হত্যা করেন ফখরুল। পরে নবজাতককে মাটিচাপা দেওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাটিচাপা দেওয়া নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই নারী পুলিশকে জানান, ইউপি সদস্য ফখরুল তাকে ধর্ষণ করেছেন। এতে অন্তঃসত্ত্বা হয়ে নবজাতকের জন্ম হয়। পরে তাকে হত্যা করেন ফখরুল।
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, ফখরুল মেম্বারের বিরুদ্ধে ধর্ষণ ও নবজাতক হত্যার মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া নবজাতকের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ফখরুলের সঙ্গে আরও কয়েকজন হত্যায় জড়িত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদেরও মামলার আসামি করা হয়েছে।