১৪ অক্টোবর ২০২২


গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই খুন হয়েছেন। এঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাতে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের দুই ছেলে বিলাল উদ্দিন ও জয়নাল আবেদীনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে আব্দুল করিমের ছোট ছেলে বিলাল উদ্দিন (২৯) স্থানীয় সালুটিকর বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

এসময় বাড়ির পথে তার আপন বড় ভাই জয়নাল আবেদীন রড দিয়ে বিলাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। রডের আঘাতে বিলাল উদ্দিনের প্রচুর রক্তক্ষরণ হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন বিলাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্বত্যরত চিকিৎসক বিলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। এর জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিলালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন