২৪ সেপ্টেম্বর ২০২২
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৬৫) ও একই গ্রামের তাজ উল্লার ছেলে নূর উদ্দিন (৫০)।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিঠাবাড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, আব্দুল করিম ও নূর উদ্দিন শনিবার সকালে মজলিশপুর গ্রামের পাশের হাওরে পিঠাবাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করতে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুইজনের পরিচয় সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।