২৩ সেপ্টেম্বর ২০২২


বাবার লাশ দাফন করে পরীক্ষা দিল রুহান

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : দেশজুড়ে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সব শিক্ষার্থী যখন বাবা-মায়ের দোয়া নিয়ে প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে যায়; তখন বাবার লাশ দাফন করে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিল রুহান। নবীগঞ্জের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রুহান এদিন গণিত বিষয়ের পরীক্ষা দিয়েছে। সে মৌলভীবাজার সদর উপজেলার অথানগিরী গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।

বৃহস্পতিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের পরীক্ষা কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রুহানের বাবা আব্দুল ওয়াহিদ মারা যান। বৃহস্পতিবার সকাল ১১টায় তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন শেষে কেঁদে কেঁদে পরীক্ষা কেন্দ্রে যায় ছেলেটি।

রুহান বলে, হঠাৎ আমার বাবা মারা গেছেন। পরীক্ষা শুরুর সময় ওনাকে দাফন করেছি। এ সময় আমি ও আমার পরিবার শোকে স্তব্ধ। তবে পরীক্ষা শুরুর কিছু সময় পরে গিয়ে আমি অংশ নিয়েছি। আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে।

শেয়ার করুন