৭ সেপ্টেম্বর ২০২২


গোয়াইনঘাটে ৫০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিপুল সংখ্যক ফেনসিডিলের চালানসহ সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত সোহেল রানা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন গনিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

মঙ্গলবার রাতে উপজেলার সাকের পেকেরখাল এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৫০০ বোতলের ফেনসিডিলের চালান জব্দ করা হয়।

সিলেটের পুলিশ সুপার মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তথ্য ও নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ফেনসিডিলের চালান জব্দ ও জড়িত যুবককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন