৩ সেপ্টেম্বর ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কের সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান ৭২, তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
শনিবার সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং ফাজিলপুর মিনা সেন্টারের পাশে মিনা সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। এঘটনায় দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চারখাই থেকে সিলেটগামী সিএনজি (অটোরিকশা) ও সিলেট থেকে বিয়ানীবাজার গামী পিকআপ এর মধ্যে ঘটনাস্থলে আসামাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই জামান বিষয়টি নিশ্চিত করেছেন।