১৯ আগস্ট ২০২২


বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে জাপান

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে প্রতিদিনই ওঠা-নামা করছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়েই বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৩৪০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৫৩ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮৫ হাজার ৭৬৬ জন।

শুক্রবার সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ-মৃত্যুতে হিসেবে বিশ্বে শীর্ষে ছিলো জাপান; দেশটিতে এই দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৪৮৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৩০০ জন।

জাপান ব্যতীত বিশ্বের আরো যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র (মৃত ২৬৩ জন, নতুন আক্রান্ত ২৫৩ জন) ব্রাজিল (মৃত ২০২ জন, নতুন আক্রান্ত ২২ হাজার ১৬৭ জন), ইতালি (মৃত ১৪৭ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ২৯১ জন), অস্ট্রেলিয়া (মৃত ১৩৪ জন, নতুন আক্রান্ত ১৯ হাজার ৭৭৮ জন) ও দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ৪৮০ জন, মৃত ৫৮ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৭২৩ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৪ হাজার ২৭৭ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৯ কোটি ৮৬ লাখ ১৩ হাজার ৪০৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৬৫ হাজার ৮০০ জনের।

এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৭ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৬০৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন