১৬ আগস্ট ২০২২


চাঁদাবাজি ও অপহরণ মামলায় শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : চাঁদাবাজি ও অপহরণ মামলায় সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই অভিযোগে তার চাচাতো ভাই মুর্শেদ আলমকেও গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১২ আগস্ট রাত সাড়ে ১১টায় তাহিরপুর উপজেলার সমশার হাওরের জেটি থেকে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে অপহরণ করে ১৪-১৫ জনের একটি দল। ১০ লাখ টাকা চাঁদা দাবি পূরণ না করায় তাদের অপহরণ করা হয়। রাতভর চালানো হয় শারীরিক নির্যাতন।

বিষয়টি জানাজানি হলে এবং থানায় অভিযোগ করা হলে অপহরণকারী চক্রের সদস্যরা ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে ১৩ আগস্ট ভোরে ছেড়ে দেয়। এরপর তাহিরপুর থানা পুলিশের একটি দল মুর্শেদকে লাউড়ের গড় সাহিদাবাদ এলাকা থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় সুনামগঞ্জ পৌর এলাকার হাসন নগরের ওলিউর রহমান বাদী হয়ে মুর্শেদ, তার অপর তিন ভাইসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে তাহিরপুর থানায় চাঁদাবাজি ও অপহরণ মামলা করেন। এরই ধারাবাহিকতায় মুর্শেদের চাচাতো ভাই শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমদকে গ্রেফতার করা হয়েছে।

সেলিম আহমদের ভাই নিজাম উদ্দিন বলেন, তাহিরপুর থানায় করা মামলার এজাহারে আমার ভাইয়ের নাম নাম নেই। এক সপ্তাহ আগের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেলিম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ঘটনার কয়েকদিন পর হঠাৎ তাকে গ্রেফতারের ঘটনা সাজানো।

সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তাহিরপুর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন