১৩ আগস্ট ২০২২


জৈন্তাপুরে ট্রাক চাপায় নারী নিহত

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে মালবাহী ট্রাকের চাপায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত রাহেরা বেগম (৭০) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী।

শনিবার দুপুর দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি আটক এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।

একই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনার পরপর আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে স্থানীয়রা। আর আহতরা হলেন- উপজেলার আসামপাড়া গ্রামের নজির আলীর ছেলে মো. কবির (৪৫), লক্ষ্মীপুর গ্রামের জমির মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৭০), আসামপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মনির (৩৫) ও আসামপাড়া গ্রামের কনু মিয়ার ছেলে হাফিজ রহমান (৫০)।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই জৈন্তাপুর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন