১০ আগস্ট ২০২২


বিশ্বজুড়েই বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়েই করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে। করোনায় বিশ্বজুড়েই বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন এবং কোভিডজনিত অসুস্থতায় এ দিন মৃত্যু হয়েছে ১ হাজার ৮৪৭ জনের।

বুধবার সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিলের নাম। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৪১ হাজার ৫৮০ জন।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জাপানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং এ রোগে মারা গেছেন ১৬২ জন। অন্যদিকে ব্রাজিলে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৫৯ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩০ হাজার ২২০ জন।

জাপান ও ব্রাজিল ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— যুক্তরাষ্ট্র (মৃত ২৪২ জন, নতুন আক্রান্ত ৫৮ হাজার ২২৩ জন), ইতালি (মৃত ১৭৭ জন, নতুন আক্রান্ত ৪৩ হাজার ৭৮ জন), ফ্রান্স (মৃত ১১১ জন, নতুন আক্রান্ত ৩৮ হাজার ২৩০ জন), অস্ট্রেলিয়া (মৃত ১০৪ জন, নতুন আক্রান্ত ২৬ হাজার ৫৩০ জন) ও দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন, মৃত ৪০ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৫৮২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৩ হাজার ৮৩৫ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৯ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৬১৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৪০ হাজার ৯৩৭ জনের।

এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৬ কোটি ২৯ লাখ ৯ হাজার ৯৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন