৯ আগস্ট ২০২২


মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : যাদের শ্রমে আর ঘামে চা শিল্পের উন্নয়ন, সেই চা শ্রমিকদের এখন নুন আনতে পানতা ফুরোয় অবস্থা। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে সেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩শ টাকা বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের ৯২টি চা বাগানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাগানগুলোর চা শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করেন। এ সময় আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তারা।

কর্মবিরতির ব্যাপারে জানতে চাইলে চা শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বর্তমান সময়ে বাজার দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে আমাদের চা-শ্রমিকরা দৈনিক ১২০ টাকা মজুরি দিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন। প্রতিটি পরিবারে খরচ বেড়েছে। আমরা বারবার বাগান মালিকদের সাথে বৈঠক করছি। কিন্তু তারা ততবারই টালবাহানা করে মজুরি বৃদ্ধি করছেন না। এতে করে শ্রমিকরা ভিতরে ভিতরে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে তারা জানান।

চাতলাপুর চা বাগানের শ্রমিক সীমা বাউরী বলেন, ‘কত দিন থেকে আমরা বলে আসছি হাজরি (মজুরী) বাড়ানোর জন্য এরপরও আমাদের হাজরি বাড়ানো হচ্ছে না। সারাদিন বৃষ্টিতে ভিজি রোদে পুড়ি, কষ্ট করি অনেক। এতকষ্টের পরও ছেলে মেয়েদের ঠিকমতো খাওয়া, কাপড়, চিকিৎসা দিতে পারি না এটা বেশি কষ্টের। সরকারের কাছে মিনতি জানাই আমাদের হাজরি বৃদ্ধি করে দেওয়ার জন্য।’

মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় জানান, চা বাগানগুলোর মালিক পক্ষ দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে টালবাহানা করছে। আমাদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা এটা মানতেছি না।

১৩৪ টাকা দিয়ে কীভাবে একজন শ্রমিকের জীবন চলবে জানিয়ে সুগ্রিম গৌড় বলেন, ‘এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ (মঙ্গলবার) থেকে কর্মবিরতি পালন করছি। ৩ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করব।’

মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত রাম লাল সাধু বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

উত্তরভাগ চা বাগান পঞ্চায়েত সভাপতি দুলাল বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বেঁধে দেওয়া এক সপ্তাহের সময় গতকাল সোমবার শেষ হয়েছে। কিন্তু এখনো দাবি মানা হয়নি। তাই আজ থেকে আমাদের ঘোষিত কর্মবিরতি চলছে। দাবি না মানলে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’

চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা বলেন, ‘আমাদের চা শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মজুরী বৃদ্ধি করার কথা থাকলেও মালিকরা চুক্তি ভঙ্গ করছেন। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে মজুরি বাড়ানো হচ্ছে না। ৩ দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে দেশের সব বাগান একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে।’

শেয়ার করুন