৩০ জুলাই ২০২২
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
শনিবার সকালে উপজেলার বাগানবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রডবোঝাই ট্রাকের চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহাম্মদ জানান, সকালে বাগানবাড়ি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রড বোঝাই একটি ট্রাকের চাকা বিকল হয়ে যায়। চালক গাড়ি থেকে নেমে চাকাটি পরীক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামনের ট্রাকের চালকের মৃত্যু হয়। এছাড়া পেছনের ট্রাকের হেলপারকে আহত অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুপুর ১টায় পর্যন্ত নিহতদের পরিচয় যানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২