৩ আগস্ট ২০২০


নবীগঞ্জে কবরস্থান নিয়ে সংঘর্ষ, আহত ৬

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইপির অন্তর্ভুক্ত পারকুল ও বনগাঁও গ্রামে কবরস্থানকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে স্থানীয় একটি কবরস্থান দখল নিয়ে উপজেলার পারকুল গ্রামের মৃত আব্দুল্লা মিয়ার পুত্র নানু মিয়া এবং বনগাঁও গ্রামের মৃত রেখাত উল্লার পুত্র সাদ্দক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে নানু মিয়া কবরস্থানটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন। এমনকি কবরস্থানে কাউকে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হয়না। এরই সূত্র ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় নানু মিয়া ও তার ভাই মতিন মিয়া, মতিন মিয়ার ছেলে সাদিক মিয়া, বনগাঁও গ্রামের মৃত উস্থার উল্লার পুত্র সজলু মিয়া, মৃত আব্দুর রহিমের পুত্র ফুরুক মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও নবীগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন