৭ ডিসেম্বর ২০২২
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে মোটরসাইকেল খাদে পড়ে সুভাস চন্দ্র ঘোষ নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। নিহত সুভাস চন্দ্র ঘোষ স্কয়ার ফুড কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার বিকেলে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে সারোপার থেকে সুভাষসহ দুই আরোহী বিয়ানীবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে তাজপুর এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাসকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি টার্ন নিতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাষকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর আরোহীর অবস্থাও আশঙ্কাজনক।